১টিবি স্টোরেজ ও নতুন রঙে আসছে আইফোন ১৮ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৫ এপ্রিল ২০২৬
আইফোন ১৮ প্রো মডেলে বেশ কিছু বড় পরিবর্তন আনতে পারে অ্যাপল

 

নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আবারও প্রযুক্তি দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আসন্ন আইফোন ১৮ প্রো মডেলে বেশ কিছু বড় পরিবর্তন আনতে পারে অ্যাপল। ডিজাইন, রঙের বৈচিত্র্য এবং হার্ডওয়্যার সব মিলিয়ে এই ফোনটি আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন রঙে চমক

ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এবার আইফোনের প্রচলিত ব্ল্যাক রংটি বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরিবর্তে ফোনটি নতুন ও প্রিমিয়াম কয়েকটি রঙে বাজারে আসতে পারে। সম্ভাব্য রঙের তালিকায় রয়েছে বারগান্ডি, কফি ব্রাউন, ডিপ পার্পল এবং টাইটেনিয়াম সিলভার। অ্যাপল প্রায়ই তাদের ডিভাইসে ভিন্নধর্মী রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে, তাই এই পরিবর্তন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে পারে।

শক্তিশালী পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকেও বড় আপগ্রেড দেখা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্মার্টফোনে থাকতে পারে অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ। আগের চিপসেটের তুলনায় এটি আরও দ্রুত এবং শক্তি সাশ্রয়ী হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাওয়া যেতে পারে, যা ভারী অ্যাপ ব্যবহার বা বড় ফাইল সংরক্ষণের জন্য বেশ উপযোগী।

ক্যামেরায় উন্নত প্রযুক্তি

ক্যামেরা বিভাগেও উন্নতির ইঙ্গিত মিলছে। সম্ভাব্যভাবে এতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স যুক্ত থাকবে। সেলফি তোলার জন্য সামনে থাকতে পারে প্রায় ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও ছবি তোলায় আরও ভালো মানের অভিজ্ঞতা দিতে পারে।

ব্যাটারি ও চার্জিং সুবিধা

ব্যাটারির ক্ষেত্রেও কিছু উন্নয়ন দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ প্রো ফোনটিতে প্রায় ৩,৬৫০ মিলি-অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি মেগসেফ-এর মাধ্যমে ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকতে পারে। প্রতি বছরের মতো এবারও যদি অ্যাপল তাদের নিয়ম মেনে চলে, তাহলে নতুন আইফোনটি ২০২৬ সালের সেপ্টেম্বরের দিকে উন্মোচন করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।