রাজধানীর ধানমন্ডি
একই ক্যাবলে মিলবে যে কোনো ব্রডব্যান্ড প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা
ইন্টারনেট তারের জঞ্জাল কমাতে রাজধানীর ধানমন্ডিতে একই ক্যাবলে যে কোনো ব্রডব্যান্ড প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়েছে। এর ফলে রাশি রাশি ঝুলন্ত তারের পরিবর্তে ‘অ্যাজব্রডব্যান্ড কমন অ্যাক্সেস নেটওয়ার্ক’ এর মাধ্যমে পছন্দমতো আইএসপি বেছে নিতে পারবেন গ্রাহকরা।
একক তারে সব অপারেটরের উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে স্থাপিত হয়েছে গ্রাহক পর্যায়ের ব্রডব্যান্ড ইন্টারনেটের এই পাতাল সংযোগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নগরজুড়েই এ ধরনের সেবা চালু করতে হবে। সিটি করপোরেশনে একাধিক তার ব্যবহার না করে একক সংযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট, টেলিভিশন ও টেলিফোনের ব্যবস্থা করতে হবে। এ জন্য সেবাদাতারা শিগগিরই একসঙ্গে বসে ঢাকার অন্য এলাকাতেও এই সেবা চালু করবে বলে প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, আমি আশা করবো এই সেবা বাস্তবায়নে যেসব বিপত্তি ছিল তা শনাক্ত করে অন্যান্য এলাকাতেও এই নেটওয়ার্ক চালু করা হবে। একই সঙ্গে নতুন অপারেটরের জন্য বিনা বাধায় এই কমন অ্যাক্সেস নেটওয়ার্ক ব্যবহার করতে পারে আইএসপিএবি তা নিশ্চিত করবে।
স্বাগত বক্তব্যে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানান, ইন্টারনেট সেবায় অ্যাক্টিভ শেয়ার বাস্তবায়ন করা হলে সারাদেশে আগামী দুই বছরের মধ্যে পাঁচ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে আইএসপিএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, সিটি করপোরেশন বিনামূল্যে মাটি খুঁড়ে ক্যাবল স্থাপনের সুযোগ দিলে দ্রুততার সঙ্গে ঢাকার ক্যাবল নেটওয়ার্ক ব্যবস্থা স্মার্ট সেবায় রূপান্তর করা সম্ভব হবে। একইসঙ্গে বিটিআরসি যদি অ্যাকটিভ শেয়ারিং নীতিমালা চালু করে দেয় এবং সরকার ট্রিপল প্লে চালুর অনুমোদন দেয় তবে ঢাকা নগরীর পাশাপাশি পুরো দেশকেই স্মার্ট নেটওয়ার্কের অধীনে নিয়ে আসবে আইএসপিএবি।
আয়োজকরা জানান, ধানমন্ডি এলাকায় সমন্বিত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত, দ্রুতগতির এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে সড়ক খোঁড়াখুঁড়ি কমানো, অবকাঠামোর সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং স্মার্ট নগর সেবা সম্প্রসারণেও এ নেটওয়ার্ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, পরীক্ষামূলকভাবে এই সেবা ধানমন্ডিতে চালু করা হয় বেশ কিছুদিন আগে। যার পুরো কাজ তখনো শেষ হয়নি। পুরো কাজ শেষ হওয়ার পর এখন ধানমন্ডির সর্বত্র এখন একই ক্যাবলে যে কোনো ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানের সেবা পাওয়া যাবে, অপারেটর বা লাইন বদলাতে চাইলেও নতুন করে ক্যাবল টানাতে হবে না।
ইএইচটি/এমএমকে