লোডাউনঅ্যাপের বিরুদ্ধে মামলার হুমকি নকিয়ার
যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ (নতুন প্রতিষ্ঠান) লোডাউনঅ্যাপের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ফিনল্যান্ডের নকিয়া। ‘হিয়ার’ ব্র্যান্ড নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নকিয়া ব্রিটিশ প্রতিষ্ঠানটিকে হুমকি দেয়। খবর বিবিসি।
নকিয়া কিছুদিন আগে মোবাইল বিভাগ বিক্রি করে দেয় মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফটের কাছে। অন্য সেবার পাশাপাশি মোবাইলের জন্য এখনো ‘হিয়ার’ নামে মানচিত্র সেবা দেয়। মানচিত্র ও পথ নির্দেশনা-সংক্রান্ত বিভিন্ন সেবায় প্রতিষ্ঠানটি হিয়ার ব্র্যান্ড নাম ব্যবহার করে। কিন্তু ব্রিটিশ প্রতিষ্ঠানটি লোডাউন নামে একটি অ্যাপে ‘হিয়ার’ নামেই একটি ফিচার যোগ করে। বিষয়টি নিয়ে চটেছে নকিয়া। স্বকীয়তা ধরে রাখতে তাই প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছে। হুমকি দিয়েছে মামলা করারও।
লোডাউনঅ্যাপের সঙ্গে নকিয়ার হিয়ার-সংক্রান্ত কোনো সেবারই সম্পর্ক নেই। অ্যাপটি ব্যবহারকারী কোনো জায়গায় পৌঁছে সে বিষয়ে বন্ধুদের জানাতে পারে। এজন্য অ্যাপটির ‘হিয়ার’ ফিচারে স্পর্শ করলেই হয়। কিন্তু নকিয়ার বিশ্বাস, সাধারণ মানুষ লোডাউনের অ্যাপটিকে নকিয়ার অ্যাপ বলে ভুল করার আশঙ্কা রয়েছে। এতে ব্যবসায়িক সুনাম ও আর্থিক লোকসানে পড়তে পারে নকিয়া।
ফিনিশ প্রতিষ্ঠানটি জানায়, তারা এ পর্যন্ত হিয়ারের প্রচারে ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে। লোডাউনঅ্যাপকে হিয়ার ফিচারটি অন্য নামে চালু করতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি ব্যবস্থা না নিলে আদালতে যাবে নকিয়া।
লোডাউনঅ্যাপকে পাঠানো চিঠিতে নকিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা যেভাবে হিয়ার শব্দটি ব্যবহার করছেন, তাতে আমাদের গ্রাহকরা ভুল বুঝতে পারেন।’
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড সিনিয়র বলেন, ‘নকিয়ার এ সতর্কবাতা হাস্যকর। মানুষ দৈনন্দিন জীবনে হিয়ার শব্দটি অনেকবার ব্যবহার করে। আমরাও আমাদের সেবাটির যথার্থ প্রয়োগ বুঝাতে শব্দটি ব্যবহার করছি। আমাদের মতো ছোট প্রতিষ্ঠানের কার্যক্রমে নকিয়ার মতো শতকোটি ডলারের কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি না।’
এআরএস/পিআর