বিশ্বব্যাপী ট্যাবলেটের সরবরাহ বেড়েছে ৪.৪ শতাংশ


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

২০১৪ সালে বিশ্বব্যাপী ট্যাবলেট সরবরাহ বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। প্রযুক্তি কোম্পানিগুলো গত বছর সর্বমোট ২২ কোটি ৯৬ লাখ ইউনিট ট্যাবলেট সরবরাহ করেছে। সার্বিকভাবে এ সময় বৈশ্বিক ট্যাবলেট সরবরাহ বাড়লেও কমেছে প্রান্তিক হিসাবে। গত বছরের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী ডিভাইসটির সরবরাহ ছিল ৭ কোটি ৬১ লাখ ইউনিট।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্যই জানায় বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)।

বাজার বিশ্লেষকদের মতে, বড় আকারের স্মার্টফোনের কারণেই কমেছে ট্যাবলেট বিক্রি। এছাড়া বিশ্বের অনেক এলাকায় গত বছরের শেষ দিকে পার্সোনাল কম্পিউটারের চাহিদা কিছুটা বেড়েছে। এ কারণে ট্যাবলেটের বাজার ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

মোবাইল ডিভাইস বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপলের ট্যাবলেট ডিভাইস সরবরাহ কমেছে গত বছরের শেষ প্রান্তিকে। সর্বশেষ প্রান্তিকে মোবাইল ডিভাইস বাজারের দখল উল্লেখযোগ্য হারে হারায় কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং।

এছাড়া অ্যাপলের বাজারও এ সময় কিছুটা হ্রাস পেয়েছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপলের আইফোন ও ম্যাক কম্পিউটার সরবরাহ বাড়লেও আইপ্যাডের সরবরাহ কমে দাঁড়িয়েছিল ১ কোটি ৩২ লাখ ইউনিটে। আর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইপ্যাড সরবরাহ হয়েছে ২ কোটি ১০ লাখ ইউনিট। আগের প্রান্তিকের তুলনায় বাড়লেও বছরের প্রথম প্রান্তিকের তুলনায় সরবরাহ উল্লেখযোগ্য হারে কম ছিল।

গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপল মোট ২ কোটি ৬০ লাখ ইউনিট আইপ্যাড সরবরাহ করে। এদিকে সর্বশেষ প্রান্তিকে স্যামসাং বিশ্বব্যাপী সরবরাহ করে মোট ১ কোটি ১০ লাখ ইউনিট ট্যাবলেট। প্রান্তিক হিসেবে ট্যাবলেট সরবরাহ কমলেও সমগ্র বছরে প্রতিষ্ঠানটির ট্যাবলেট সরবরাহ ১ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানা যায়।

গত বছরের অক্টোবরে বাজারে আসে অ্যাপলের সর্বশেষ সংস্করণের আইপ্যাড। ছুটির মৌসুম চলাকালীন সময়ে ডিভাইসটি বাজারে ছাড়ার কারণে অনেকেই মনে করেছিলেন, নতুন আইপ্যাডটির সরবরাহ ভালো হবে। কিন্তু এ সময়ে আইপ্যাড সরবরাহের পরিমাণ অ্যাপলের লক্ষ্যমাত্রা পূরণ করেনি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।