জিমেইল সেবা সাময়িক ব্যাহত
সফটওয়্যার সমস্যার কারণে বিশ্বব্যাপী জিমেইল সেবা ব্যাহত হচ্ছে। এজন্য বেশ কয়েক দিন ধরেই সেবাটির মাধ্যমে মেইল আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা। জানা গেছে, শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি গুগল জিমেইল সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশের হালনাগাদ করতে ভুলে যাওয়ায় সাম্প্রতিক এ সমস্যার সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।
এ বিষয়ে গুগল এক বিবৃতিতে জানায়, অধিকাংশ জিমেইল ব্যবহারকারীই সাময়িক এ সফটওয়্যার সমস্যায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যারা সেবাটি ব্যবহার করতে সক্ষম হয়েছেন, তারাও বেশকিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন। প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, সমস্যার শুরু হয় ৪ এপ্রিল। সমস্যাটি শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের নিজস্ব নিরাপত্তা সেবা ‘অথরিটি জি২’ জিমেইল এবং প্রতিষ্ঠানটির অন্য অ্যাপ সেবাগুলোয় নিরাপত্তা সনদ প্রদান করে থাকে।
সম্প্রতি চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিএনএনআইসি) কাছ থেকে সিকিউরিটি সার্টিফিকেট নিতে অস্বীকৃতি জানায় গুগল। মূলত এর পর থেকেই জিমেইলে সমস্যা শুরু হয়।
এআরএস/বিএ/পিআর