মানবকল্যাণে সব সম্পদ দান করবেন কুক


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৮ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পদাঙ্ক অনুসরণ করছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। মানবকল্যাণে নিজের সব সম্পদ দান করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফরচুন সাময়িকীতে  প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়। ৫৪ বছর বয়সী টিম কুক বলেছেন, `আমার ১০ বছর বয়সী ভাইপোর পড়াশোনার খরচ ছাড়া বাকি সব সম্পদই দাতব্য কাজে ব্যয় হবে।`

মানবকল্যাণে সম্পদ দান করার পরিকল্পনার কথা জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের কোটিপতি প্রধান নির্বাহীদের তালিকায় জায়গা পেয়েছেন কুক। মানবহিতৈষী হিসেবে এ তালিকায় সবচেয়ে পরিচিত বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। গেটস দম্পতি তিন হাজার ২০ কোটি মার্কিন ডলার অর্থাৎ তাদের মোট সম্পদের ৩৭ শতাংশ দান করেছেন। এ প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী কুক বলেছেন, `আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।`

এছাড়া দাতব্য কাজে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ১৫০ কোটি মার্কিন ডলার বা সম্পদের চার শতাংশ ব্যয় করেছেন। মানবহিতৈষীর এ তালিকায় আরও রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ইবের প্রতিষ্ঠাতা পিয়েরি ওমিডায়ার এবং ইনটেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর প্রমুখ।

বিত্তশালী বলা হলেও প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কুক বিলিওনিয়ারদের তালিকায় জায়গা পাননি। অ্যাপলে তার মূল বার্ষিক বেতন হচ্ছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার; আর মূল সম্পদের পরিমাণ ১২ কোটি ডলার।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।