আইফোন বিক্রি বেড়েছে চীনে


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৯ এপ্রিল ২০১৫

আইফোন বিক্রিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে চীন। গত সোমবার বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয়ের প্রতিবেদনে এমন তথ্যই জানায় মার্কিন প্রতিষ্ঠানটি। গত প্রান্তিকে চীনা নববর্ষ উপলক্ষে দেশটিতে বিপুল সংখ্যক আইফোন বিক্রি হয়, যা চীনে অ্যাপলের রাজস্ব আয়ের পরিমাণ ৭১ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলারে উন্নীত করতে সাহায্য করেছে। খবর এনডিটিভি।

গত বছরের শেষ দিকে বাজারে আসে আইফোন সিক্স ও সিক্স প্লাস। অন্যান্য দেশের মতো চীনেও ডিভাইসটির বেশ চাহিদা লক্ষ করা যায়। এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানান, চীনের মধ্যবিত্ত শ্রেণীর কারণে দেশটিতে আইফোনের বিক্রি বাড়ছে।

গত প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট বিক্রি করে ৬ কোটি ১২ লাখ আইফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। আইফোন ও অ্যাপল ওয়াচ বিক্রিতে ভালো অবস্থানে থাকলেও আইপ্যাড দিয়ে খুব বেশি সুবিধা করতে পারছে না মার্কিন প্রতিষ্ঠানটি। জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপল বিক্রি করে মোট ১ কোটি ২৬ লাখ আইপ্যাড, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম।

সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট আয় বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৫৭ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ছিল ১ হাজার ২২ কোটি ডলার।

সংশ্লিষ্টদের মতে, চীনের বাজার তাদের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এত দিন আইফোনের অন্যতম বড় বাজার ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত প্রান্তিকে যুক্তরাষ্ট্রের চেয়েও চীনে আইফোন বেশি বিক্রি হয়েছে। নিজ দেশের বাইরে আইফোনের এ ধরনের চাহিদা ব্যবসার জন্য ইতিবাচক হিসেবেই দেখছে অ্যাপলপ্রধান।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।