আর্থিক সহায়তা দেবে গুগল


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ইউরোপীয় গণমাধ্যমগুলোকে আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে নতুন প্রকল্প চালু করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। ডিজিটাল নিউজ ইনিশিয়েটিভ নামের প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইউরোপের গণমাধ্যমগুলোকে ১৫ কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে। প্রকল্পটিতে প্রাথমিকভাবে যোগ দিয়েছে অঞ্চলটির আট গণমাধ্যম। মূলত সাংবাদিকতার মানের উন্নয়নেই এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। খবর বিজনেস ইনসাইডার।

লে একোস, এফএজেড, ফিন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, এনআরসি মিডিয়া, এল পাইস, লা স্ট্যামপা ও ডি জাইট নতুন প্রকল্পটিতে যোগ দিয়েছে। তবে ইউরোপে গুগলের সঙ্গে ভালো সম্পর্ক নেই, এ ধরনের গণমাধ্যমগুলো প্রকল্পটিতে যোগ দেয়নি বলে জানা যায়।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রুপার্ট মারডকের নিউজ করপোরেশন ও বার্লিনভিত্তিক এক্সেল স্প্রিংগার গ্রুপের অধীন গণমাধ্যমগুলো এ প্রকল্পে যোগ দেয়নি। তবে গুগলের পক্ষ থেকে প্রকল্পে যোগদানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ডিজিটাল সাংবাদিকতার উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় গবেষণায় এ অর্থ ব্যয় হবে। লন্ডন, প্যারিস ও হামবুর্গের সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়।

ফিন্যান্সিয়াল টাইমস ডিজিটাল মিডিয়া ২০১৫ শীর্ষক সম্মেলনে গুগলের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিভাগের প্রেসিডেন্ট কার্লো ডি’আসারো বলেন, ‘ডিজিটাল রূপের উন্নয়নে গণমাধ্যমগুলোর সঙ্গে গুগল হাতে হাত রেখে কাজ করবে। এটা কেবল শুরু। আমরা অন্যদেরও প্রকল্পে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।’

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।