বরিশালে ১২০ কোটি টাকা ব্যয়ে আইটি পার্ক


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৩ মে ২০১৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বরিশাল নগরীর কাশীপুরে ১২০ কোটি টাকা ব্যয়ে ৯ একর জমির উপর নির্মিত হচ্ছে আইটি পার্ক। এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের। আর এই আইটি পার্ক নির্মাণের মাধ্যমে ডিজিটাল বরিশাল এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে বরিশাল জেলা আইসিটি কমিটির সদস্য এবং সুধীজনদের সঙ্গে তথ্যপ্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বরিশাল ঐতিহ্যগতভাবে অত্যন্ত উর্বর ভূমি। স্বাধীকার আন্দোলন-গণতান্ত্রিক আন্দোলনসহ সব ক্ষেত্রে বরিশালের উল্লেখযোগ্য ভূমিকা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বরিশালকে প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক বরিশাল গড়ে তুলতে। আর এরই অংশ হিসেবে সরকার সারা দেশে ১২টি আইটি পার্ক নির্মাণ করছে। যার মধ্যে বরিশাল অন্যতম। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি পার্ক নির্মাণের জন্য নগরীর কাশীপুরে শিক্ষাবোর্ড অফিসের পাশে ৯ একর জমি নির্দিষ্ট করা হয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র ছয় বছরের মধ্যে শেখ হাসিনার সরকার সারা দেশে ২৭ হাজার মাল্টিমিডিয়া ক্লাশরুম এবং সাড়ে তিন হাজার কম্পিউটার ল্যাব তৈরি করেছে। নতুন করে আরো ৫০ হাজার মাল্টিমিডিয়া ক্লাশরুম এবং দুই হাজার কম্পিউটার ল্যাব কাম ল্যাংগুয়েজ ক্লাব করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া ব্যবহারে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকরা আরো আগ্রহী হবেন এবং প্রশাসনের কর্মকর্তারা যাতে বিষয়গুলো আরো তদারকি করেন, সেই জন্য তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।

কথায় নয়, আগামী চার বছরের মধ্যে কাজে এর প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী পলক। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে ‘জানুক সবাই দেখাও তুমি’ এই শ্লোগান নিয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। আর এই প্রতিযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ছয়`শ শিক্ষার্থী অংশ নেন।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।