স্ক্রিনবিহীন ফিটনেস ব্যান্ড, ৫ মিনিটের চার্জে চলবে সারাদিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৩ মে ২০২৬
স্ক্রিনবিহীন স্মার্ট ফিটনেস ব্যান্ড ‘ফিটবিট এয়ার’

দীর্ঘদিন নতুন হার্ডওয়্যার না আনার পর অবশেষে নতুন ফিটনেস ডিভাইস উন্মোচন করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি এবার বাজারে এনেছে ‘ফিটবিট এয়ার’ নামে স্ক্রিনবিহীন একটি স্মার্ট ফিটনেস ব্যান্ড।

ইয়াহু টেকের প্রতিবেদন থেকে জানা যায়-২০২১ সালে ফিটবিট ব্র্যান্ড অধিগ্রহণের পর এটি গুগলের প্রথম বড় ফিটবিট ডিভাইস। ২০২৩ সালে ‘ফিটবিট চার্জ ৬’ বাজারে আসার পর এটিই নতুন প্রধান হার্ডওয়্যার উন্মোচন। একইসঙ্গে গুগল তাদের ফিটবিট অ্যাপকে নতুনভাবে ‘গুগল হেলথ’ নামে পুনর্গঠন করেছে।

নতুন ফিটবিট এয়ার মূলত একটি ছোট পেবল আকৃতির ডিভাইস, যা সহজেই বিভিন্ন ব্যান্ডের সঙ্গে পরিবর্তন করে ব্যবহার করা যাবে। এতে আধুনিক ওয়্যারেবলের প্রায় সব প্রয়োজনীয় সেন্সর যুক্ত করা হয়েছে। ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ব্যায়াম, হাঁটা-চলা, দৈনন্দিন কার্যক্রম এবং ঘুমের তথ্য পর্যবেক্ষণ করতে সক্ষম।

ডিভাইসটিতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং সুবিধা রয়েছে। পাশাপাশি হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, অস্বাভাবিক হৃদস্পন্দন এবং সম্ভাব্য অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের মতো জটিল স্বাস্থ্যঝুঁকির বিষয়েও ব্যবহারকারীকে সতর্ক করতে পারবে। গুগলের দাবি, নতুন স্লিপ স্কোর অ্যালগরিদম আগের মডেলের তুলনায় ১৫ শতাংশ বেশি নির্ভুল।

এতে আরও রয়েছে অক্সিজেন স্যাচুরেশন বা এসপিওটু সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ এবং তাপমাত্রা সেন্সর।

ফিটবিট এয়ারের বড় আকর্ষণ হচ্ছে এটি নতুন ‘গুগল হেলথ’ অ্যাপ ও ‘গুগল হেলথ কোচ’-এর সঙ্গে কাজ করবে। জেমিনি এআই প্রযুক্তিচালিত এই কোচ ব্যবহারকারীর ঘুম, শরীরচর্চা, স্বাস্থ্য পরিস্থিতি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে। এমনকি ব্যবহারকারীরা সরাসরি এআই কোচের সঙ্গে কথাও বলতে পারবেন।

ডিজাইনের ক্ষেত্রেও আলাদা গুরুত্ব দিয়েছে গুগল। ডিভাইসটির জন্য তিন ধরনের ব্যান্ড আনা হয়েছে-পারফরম্যান্স লুপ, অ্যাকটিভ ব্যান্ড এবং মডার্ন এলিভেটেড ব্যান্ড। এগুলো বিভিন্ন রঙে পাওয়া যাবে। এছাড়া বাস্কেটবল তারকা স্টিফ কারির সঙ্গে যৌথভাবে একটি বিশেষ সংস্করণও তৈরি করেছে গুগল।

একবার চার্জে ফিটবিট এয়ারে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল। ম্যাগনেটিক চার্জিং প্যাড ব্যবহার করে মাত্র ৫ মিনিট চার্জ দিলেই পুরো একদিন ব্যবহার করা যাবে।

ফিটবিট এয়ারের সঙ্গে তিন মাসের ‘গুগল হেলথ প্রিমিয়াম’ সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এই সেবায় ব্যক্তিগত স্বাস্থ্য বিশ্লেষণ, উন্নত স্লিপ রিপোর্ট, ফিটনেস পরিকল্পনা, মেডিক্যাল রেকর্ড সারাংশ এবং গাইডেড মাইন্ডফুলনেস সেশন সুবিধা থাকবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। বর্তমানে এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে। আগামী ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে পাওয়া যাবে ফিটবিট এয়ার। যার দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ দশমিক ৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার টাকার কিছুটা বেশি।

সূত্র: ইয়াহু টেক

শাহজালাল/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।