জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুক্রবার
‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫’। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) দিনব্যাপী চূড়ান্ত পর্বের এ আয়োজনে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা দেশে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নেবে। চূড়ান্ত পর্বে ৮০৩ জন (আইসিটি কুইজ), ১৯০ জন (প্রোগ্রামিং) সর্বমোট ৯৯১জন শিক্ষার্থী অংশ নেবে।
শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে বুয়েটের সিএসই বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৪টায় সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। এ আয়োজনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ অনেকে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।
এর আগে গত ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ‘ঢাকা মহানগর আঞ্চলিক পর্ব’ দিয়ে শুভ সূচনা হয়েছে এ বছরের আয়োজনের। ইতিমধ্যে মোট ৮টি অঞ্চলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অঞ্চগুলো হচ্ছে: রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ (গোপালগঞ্জ)।
জাতীয় এ প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং অ্যাকাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org এবং www.facebook.com/nhspcbd এই ঠিকানায়।
এআরএস/পিআর