একশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে বেসিস
সম্ভাবনাময় আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত কোম্পানি, একক ফ্রিল্যান্সার, নারী ফ্রিল্যান্সার ও জেলা ভিত্তিক ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে সর্বমোট ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। পঞ্চমবারের মতো তারা এই পুরস্কার দিতে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীম আহসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আউটসোর্সিংকে সারাদেশে ছড়িয়ে দিতে ৬৪ জেলা থেকে সেরা ৬৪ জন ফ্রিল্যান্সার তথা আইটি উদ্যোক্তাদের এই পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও ৬টি ভিন্ন ক্যাটাগরিতে (ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ব্লগিং, মোবাইল অ্যাপ্লিকেশন) ৩ জন করে সর্বমোট ১৮ জনকে ব্যক্তিগত ক্যাটাগরিতে এবং ৩ জনকে নারী ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ১৫টি কোম্পানি আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং প্রদান করা হবে। কয়েকটি ধাপে নিবিড় পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। পুরস্কার প্রদানের ক্ষেত্রে রফতানির পরিমাণ, কর্মসংস্থান ও তাদের সামাজিক ভূমিকা প্রাধান্য দেয়া হবে।
আগ্রহী যে কোনো ফ্রিল্যান্সার ও এ খাতের সঙ্গে জড়িত বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইন (www.outsourcingaward.basis.org.bd) থেকে ফ্রি নিবন্ধন করার মাধ্যমে এই আয়াজনে অংশগ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার থেকেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। আগামী জুন মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজার আরফান আলী প্রমুখ।
এমএম/জেআর/পিআর