মিয়ানমারে টেলিকম খাতে ভিয়েতনামের বিনিয়োগ
মিয়ানমারে টেলিকম নেটওয়ার্ক স্থাপনে ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়েতনামভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন সেলফোন অপারেটর ভিয়েটেল। দেশটির উদীয়মান টেলিযোগাযোগ সেবা খাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পের মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করবে ভিয়েটেল। খরব-টেলিকম এশিয়া
নতুন এ প্রকল্পের আওতায় মিয়ানমারের টেলিকম খাতে মোট বিনিয়োগের পরিমাণ ১৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। যার মধ্যে ১০০ কোটি ডলার সরবরাহ করবে দেশটির স্থানীয় কিছু প্রতিষ্ঠান। বাকি অর্থ দেবে ভিয়েটেল। মিয়ানমারের টেলিযোগাযোগ খাতে ব্যবসা প্রসারের পরিকল্পনার অংশ হিসেবে দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোয় টেলিকম নেটওয়ার্ক স্থাপনে কাজ করবে প্রতিষ্ঠানটি।
টেলিযোগাযোগ সেবা খাতে ভারত ও চীনসহ এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে মিয়ানমার। কিন্তু দেশটি ক্রমেই এ খাতে উন্নতি করছে বলে মন্তব্য করেন ভিয়েটেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, আমরা বিশ্বাস করি, মিয়ানমার এখন টেলিযোগাযোগ খাতের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। আগামী দশকে দেশটি এ খাতে অনেক উন্নতি করবে বলে আমরা আশা করছি।
রাষ্ট্রীয় মালিকানাধীন ভিয়েটেল ভিয়েতনামের সামরিক বাহিনী পরিচালনা করে। ফলে প্রতিষ্ঠানটি শিগগিরই মিয়ানমারের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বিনিয়োগের জন্য মিয়ানমার সরকারের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি দ্রুত স্বাক্ষর হবে বলে জানানো হয়।
জানা যায়, মিয়ানমার ছাড়াও সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার টেলিকম খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ভিয়েটেল। দেশটিতে মূলত থ্রিজি নেটওয়ার্কের সম্প্রসারণে কাজ করবে প্রতিষ্ঠানটি।