জাগো টপ টেন
১৮ ফেব্রুয়ারি ২০২৬
-
শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে লিখিত মন্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিনই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা জানানোর পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় নিজের মনোভাব লিখেন তিনি... -
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল, সেটি বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান। বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী কী কী নির্দেশনা দিয়েছেন—জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, যেহেতু উনি রাজনীতি করেন, উনার ইশতেহার আছে। সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ না। জনগণ ম্যান্ডেট দিয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে, নিশ্চয়ই তারা ইশতেহার পছন্দ করেন। -
দ্রুতই জেলা-উপজেলা-পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করবো: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারগুলোতে জনপ্রতিনিধি নেই- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এগুলোতে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের ব্যবস্থা করবো। একদিনে তো সম্ভব নয়, আমরা ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট (আমরা শিগগির সেদিকে যাচ্ছি)। -
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি-দাওয়া থাকবে যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিছিল, সমাবেশ করতে পারবে, ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক আটকে মব করে বন্ধ করা যাবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরও যে সংস্থা আছে এখানে এটা মানুষ কম জানে। আমি বলেছি পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেন করতে হবে। -
খলিলুরকে চীন-ভারতের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো যৌথভাবে বাস্তবায়ন করতে চান। চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করবেন। -
রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই শুরু ছুটি
নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী- আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। -
চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষরাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানান মুহাম্মদ নিজাম উদ্দিন। -
হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
বিশ্ব বাণিজ্যের জন্য অন্তন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। লাইভ ফায়ার মহড়ার জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো এই আন্তর্জাতিক জলপথ বন্ধের ঘোষণা দিলো ইরান। এদিকে অনেকের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে ও নতুন কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। -
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানালো আইসিসি
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা দেয়নি। তার বদলে নেওয়া হয় স্কটল্যান্ডকে। তবে এবারের আসরে অংশ নিতে না পারলেও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগাররা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে তারা। -
প্রাণ গুঁড়া মসলার আয়োজনে তারকাদের সঙ্গে সাফা কবিরের নতুন যাত্রা
রোজার সন্ধ্যা মানেই ইফতারের টেবিলে রঙিন আয়োজন, প্রিয় মুখের গল্প আর স্মৃতির সুবাস। সেই আবহেই এবার পর্দায় আসছে ভিন্নধর্মী এক আয়োজন ‘ভালবাসার সেই স্বাদ’। প্রাণ গুঁড়া মসলা প্রেজেন্টস এই বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। এই তারকা প্রথমবারের মতো রমজান উপলক্ষে নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন তার ভক্তদের সামনে। টিম মায়ের দোয়া স্টুডিওজ আয়োজনে নির্মাণ করেছেন নাইন্টিজ কিডস ফিল্মসের নির্মাতা সাফায়েত হোসেন শাওন ও ফাহমিদা প্রেমা।