খলিলুরকে চীন-ভারতের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান/ফাইল ছবি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো যৌথভাবে বাস্তবায়ন করতে চান। চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করবেন।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন খলিলুর রহমান। পরে বিকেলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

এর আগে, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন।

জেপিআই/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।