রামুর বৌদ্ধ পুরাকীর্তি পরিদর্শনে থাইল্যান্ডের ট্যুরিজম প্রতিনিধি


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৬ জুলাই ২০১৬

কক্সবাজারের রামুতে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল পরিদর্শন করেছেন ট্যুরিজম সংস্থা থাইল্যান্ডের ‘পাটা’ সদর দফতরের এক প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন দলটি।

পরিদর্শক দলে ছিলেন থাইল্যান্ডের ব্যাংকস্থ প্যাসিপিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন ‘পাটা’ সদর দফতরের পরিচালক মাম পুনাংথিপ সোতিপানামুম, সহকারী পরিচালক সুতারাত সারোট্রান, যোগাযোগ ব্যবস্থাপক পল প্রাইয়াংকারা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম-সচিব ভূবন চন্দ্র বিশ্বাস কক্সবাজারে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল এবং পর্যটন স্থান পরিদর্শনকালে থাইল্যান্ডের এ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এবং ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুনাশ্রী থের, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া ওই প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পরে তারা রামুর রাজারকুল ইউনিয়নের সম্রাট অশোকের স্মৃতি বিজড়িত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে গেলে পর্যটন বিষয়ক এ প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিহারের ভিক্ষুসহ বিহার পরিচালনা কমিটির সদস্যরা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম-সচিব ভূবন চন্দ্র বিশ্বাস জানান, আগামী ২৩-২৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ‘পাটা নিউ ট্যুরিজম প্রন্টিয়ার্স ফোরাম ২০১৬’। এ আয়োজনকে সফল করতে গত ২৫ জুলাই বাংলাদেশে আসেন, প্যাসিপিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন সদর দফতরের তিন জনের প্রতিনিধি দল।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।