পর্বতারোহীদের কোন দেশে কী পুরস্কার দেওয়া হয়
বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করার সম্মান অর্জন করেছেন বেশ কয়েকজন। তবে বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে পর্বতারোহণকে সর্বোচ্চ বীরত্বের প্রতীক হিসেবে দেখা হয়। এর জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। উদাহরণস্বরূপ কয়েকটি দেশের কথা উল্লেখ করতে পারি:
ভারত
ভারতে পর্বতারোহীদের ‘তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। যা দেশটির সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘অর্জুন পুরস্কার’র সমতুল্য। এ ছাড়া পর্বতারোহী বাচেন্দ্রী পাল বা অরুনিমা সিনহার মতো অনেককে ‘পদ্মশ্রী’ বা ‘পদ্মভূষণ’র মতো সর্বোচ্চ বেসামরিক সম্মানেও ভূষিত করা হয়েছে। যা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে দেওয়া হয়ে থাকে। প্রত্যেক এভারেস্ট আরোহীকে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ১০-১৫ লাখ ভারতীয় রুপি অর্থ সহায়তাও দিয়ে থাকে।
পাকিস্তান
পাকিস্তানে পর্বতারোহীদের অসামান্য অর্জনের জন্য বেসামরিক সম্মাননা দেওয়া হয়। ‘প্রাইড অব পারফরম্যান্স’ পাকিস্তানের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার। বিখ্যাত আরোহী নাজির সাবির এবং আশরাফ আমানসহ অনেকেই এ পদক পেয়েছেন। ‘হিলাল-ই-ইমতিয়াজ’ ২০২৫-২৬ সালের তালিকায় দেখা গেছে, তরুণ আরোহী শেহরোজ কাশিফকে তার বীরত্বের জন্য এ উচ্চপদস্থ বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য
এভারেস্ট বিজয়ী বা দুঃসাহসী আরোহীদের ব্রিটিশ রাজপরিবার থেকে ‘নাইটহুড’ (স্যার) বা ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পদকে ভূষিত করা হয়। স্যার এডমন্ড হিলারিকে ‘নাইটহুড’ উপাধি দিয়েছিলেন রানী এলিজাবেথ।
নিউজিল্যান্ড
স্যার এডমন্ড হিলারিকে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব নিউজিল্যান্ড’ দেওয়া হয়েছিল। এ ছাড়া পর্বতারোহীদের অসামান্য অর্জনের জন্য দেশটিতে বেসামরিক সম্মাননা দেওয়া হয়।
নেপাল
নেপালে পর্বতারোহীদের ‘নেপাল তারা’ বা এই জাতীয় বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেখানকার অর্থনীতি ও আন্তর্জাতিক পরিচয়ে পর্বতারোহীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
এ রকম অসংখ্য উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বব্যাপী। বাংলাদেশের পর্বতারোহীরাও বিশ্বের বিখ্যাত পর্বতারোহীদের সাথে তাল মিলিয়ে দেশের হয়ে সম্মান বয়ে আনছেন। কিন্তু তাদের ন্যূনতম স্বীকৃতি ও সম্মান দেওয়া হয় না। অথচ পর্বতারোহীরা দেশের হয়ে ঝুঁকিপূর্ণ এই ক্ষেত্রে সম্মান বয়ে আনছেন। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন ও মাদকমুক্ত থাকতে স্বপ্ন দেখাচ্ছেন।
এসইউ