৩০ বছর পর মুখোমুখি সানি-অক্ষয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সানি দেওল ও অক্ষয় খান্না। ছবি: সংগৃহীত

 

নেটফ্লিক্সের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘ইক্কা’ ঘিরে হঠাৎ করেই চড়েছে উত্তেজনার পারদ। পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রার এ সিনেমায় দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সানি দেওল ও অক্ষয় খান্না। ১৯৯৭ সালের আইকনিক সিনেমা ‘বর্ডার’র পর ফের জুটি বাঁধছেন তারা- তবে এবার একেবারে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আবহে।

মঙ্গলবার নেটফ্লিক্সের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিনেমাটির নাম। জানা গেছে, ‘ইক্কা’র শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট-লুক টিজার। সেখানে দেখা যায়, আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি দেওল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার দৃশ্য থেকেই বোঝা যায়, তিনি এ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ঠিক সেই সময়েই দৃশ্যপটে আসে অক্ষয় খান্নার চরিত্র- পুলিশি প্রহরায় আদালতে প্রবেশ করতে দেখা যায় তাকে। মুহূর্তেই স্পষ্ট হয়ে ওঠে, এ সিনেমার কেন্দ্রে রয়েছে এক টানটান মুখোমুখি সংঘর্ষ।

এই অ্যাকশন থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম ও সঞ্জিদা শেখ। নেটফ্লিক্স টিজারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “আইন না রক্তের সম্পর্ক- কার হাতে রয়েছে এ খেলার ইক্কা?” এক লাইনের এই বার্তাতেই ফুটে উঠেছে সিনেমার মূল দ্বন্দ্ব- আইনের লড়াই, নাকি রক্তের সম্পর্কের টানাপোড়েন।

নয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে বলিউডে বড় হওয়া দর্শকদের কাছে সানি- অক্ষয় জুটি নিছক কাস্টিং নয়, একরাশ নস্টালজিয়া। ‘বর্ডার’-এ দেশপ্রেমের আবহে যে রসায়ন দর্শক দেখেছিলেন, প্রায় ৩০ বছর পর ‘ইক্কা’ সেই জুটিকেই ফিরিয়ে আনছে নতুন রূপে। তবে যুদ্ধক্ষেত্র নয়, এবার লড়াই আদালত আর অপরাধ জগতের অন্ধকার বাস্তবতায়।

বর্তমানে অক্ষয় খান্না প্রশংসিত হচ্ছেন ‘ধুরন্ধর’ সিনেমায় ‘রহমান ডাকাত’ চরিত্রে অভিনয়ের জন্য। অন্যদিকে সানি দেওল আছেন ‘বর্ডার ২’-এর সাফল্যের রেশে। দেশপ্রেমধর্মী গল্পে তার উপস্থিতি ফের দর্শকদের টানতে সক্ষম হয়েছে।

নেটফ্লিক্সের জন্য ‘ইক্কা’ যে বড় বাজি, তা তাদের সাম্প্রতিক স্লেট প্রেজেন্টেশনেই স্পষ্ট। প্ল্যাটফর্মটি সিনেমাটিকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আসন্ন অরিজিনাল হিসেবে তুলে ধরেছে। অ্যাকশন আর কোর্টরুম ড্রামার মিশেলে তৈরি এ সিনেমার শুটিং শেষ উপলক্ষে আয়োজিত র‍্যাপ পার্টিতেও উপস্থিত ছিল পুরো টিম- যা প্রজেক্টটির গুরুত্বই ইঙ্গিত করে।

আরও পড়ুন:
আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার 
শহিদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা 

সব মিলিয়ে, আইনের কাঠগড়ায় সানি দেওল বনাম অক্ষয় খান্নার এই দ্বন্দ্ব কতটা বিস্ফোরক হতে চলেছে, এখন সেটাই দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।