ওয়াটার উইন্ডো’র নিবন্ধন শুরু


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৯ মার্চ ২০১৬

এশিয়া ও আফ্রিকার বন্যাপ্রবণ অঞ্চলের মানুষের জীবনমানের সামগ্রিক উন্নয়ন এবং বন্যা মোকাবেলায় সৃজনশীল এবং উদ্ভাবনী ধারণা চেয়ে নিবন্ধন শুরু করেছে গ্লোবাল রিজিলিঅ্যানস পার্টনারশিপ।

মঙ্গলবার থেকে ওয়াটার উইন্ডো নামে এই প্রোগ্রামের বিশ্বব্যাপী অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগ্রহীরা তাদের উদ্ভাবনী ধারণাপত্র অনলাইনে জমা দিতে পারবেন ৮ মে পর্যন্ত। চূড়ান্তভাবে মনোনীতদের নাম আগস্টের শেষ দিকে প্রকাশ করা হবে। তারপর পূর্ণাঙ্গ প্রস্তাবনার জন্য আহ্বান করা হবে।

নির্বাচিত সেরা প্রস্তাবনা প্রদানকারীকে ১০ লাখ মার্কিন ডলার প্রদান করা হবে। প্রস্তাবনাপত্রের উপর কাজ করার জন্য প্রয়োজনে প্রাথমিকভাবে ২ দশমিক ৫ লাখ ডলার দেয়া হবে।

প্রস্তবনাটি হতে হবে বাস্তবসম্মত যা বন্যাপীড়িত মানুষের সত্যিকার সমস্যাগুলোকে চিহ্নিত করবে এবং তা সমাধানের পথ দেখাবে। প্রস্তাবনায় সৃজনশীলতাকে অধিক গুরুত্ব দেয়া হবে। তবে বর্তমানে প্রচলিত বন্যা মোকাবেলার প্রথাগুলোর আরো প্রসারের চিস্তাভাবনাকেও উৎসাহ দেয়া হবে।

আফ্রিকার সাহেল, হর্ন অব আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বন্যাপ্রবণ মানুষের দুর্ভোগ লাঘবে এক কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে গ্লোবাল রেজিলেন্স পার্টনারশিপ নামে একটি সংগঠন। জুরিখ ইন্স্যুরেন্স গ্রুপ এবং জেড জুরিখ ফাউন্ডেশনের সঙ্গে সংগঠনটি এই তহবিল গঠন করেছে।

গ্লোবাল রিজিলিঅ্যানস পার্টনারশিপ-এর নির্বাহী পরিচালক লুসা আলিনোভি বলেন, ‘পৃথিবীর জলবায়ু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে দুর্যোগও বাড়ছে। কিন্তু দুর্যোগ মোকাবেলার ধারণাগুলো পরিবর্তন হচ্ছে না। দুর্যোগের প্রস্তুতি, মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী মানসিক ধকল কাটিয়ে উঠতে তাই আমাদের নতুন ধারণা প্রয়োজন। এ লক্ষ্যেই সারা বিশ্বের মানুষের কাছেই আমাদের ধারণা চাওয়া। আমরা অত্যন্ত আশাবাদী এই প্রোগ্রামের মাধ্যমে গ্রহনযোগ্য এবং বাস্তবায়নযোগ্য ধারণা অবশ্যই পাব।’

এখনই পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়ে ৫৪ মিলিয়ন হবে বলেও সতর্ক করেন তিনি।

ওয়াটার উইন্ডো প্রকল্প সম্পর্কে লুসা আলিনোভি বলেন, ‘আবহাওয়া বিদ্যা, অবকাঠামোগত নঁকশা এবং অর্থায়নের মতো বিচিত্র ক্ষেত্র থেকে আবেদন পড়বে বলে আশা করছি। এসব আবেদনে স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে বন্যাপ্রবণ মানুষের সমস্যা সমাধানে নতুন নতুন ধারণা থাকবে।’

উল্লেখ্য, জেড জুরিখ ফাউন্ডেশন থেকে মোট ১ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে ওয়াটার উইন্ডো। শিগগিরই তারা বিভিন্ন সামাজিক উদ্যোক্তা, অঞ্চলভিত্তিক সংগঠন, গবেষণা, একাডেমিক, বেসরকারি এবং আন্তর্জাতিক অলাভজনক নানা সংগঠনকে অনুদান প্রদান করবে।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।