লাইফস্টাইল

বব কাটে নানা ধরন

ফ্যাশন কেবল পোশাকেই নয়, থাকে চুলের কাটেও। এই গরমে আপনি নিজেকে ফুরফুরে রাখতে পারেন চুলের কাটের মাধ্যমে। আর এসবের মধ্যে বব কাট অন্যতম। এই কাটে বেশ কিছু ধরন রয়েছে। যা আপনার চেহারা এবং বয়সের উপর নির্ভর করে নির্বাচন করা যাবে। আগে সাধারণত ছোটদেরকেই এভাবে চুল কেটে দেওয়া হতো। এখন এটি নিজের বয়স, ব্যক্তিত্ব এবং মুখের গড়নের সঙ্গে মিল রেখে নানা আঙ্গিকে যেকোনো বয়সী মেয়েরাই নিতে পারেন।গরমের এই সময়ে আপনি কাটতে পারেন বব কাট। বব কাটে বর্তমানে এসেছে নানা রূপান্তর, সামার ববে পেছনের চুল খাটো রেখে সামনের দিকের চুলগুলো লম্বা রাখা হয় এবং একটু তেরছাভাবে কাটা হয়। শর্ট শ্যাগে আবার অনেকগুলো লেয়ার থাকে। এই কাটে চুলের এলোমেলো ভাবের সৌন্দর্য ফুটে ওঠে। পিক্সি কাট ববের আরেকটি ধরন। শর্ট শ্যাগ ও পিক্সি কাটে চুল ঘাড় পর্যন্ত নামে। ক্লাসিক ববে সামনে ব্যাংগস রাখা হয় এবং নিচের দিকের চুলগুলো কখনো সমান, কখনোবা বাঁকা করে কাটা হয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এই কাটে দেখা যায়।যাদের কপাল বড় তারা সামার বব বেছে নিতে পারেন। এই কাটে ব্যাংগস রাখা হয়, ফলে সামনের চুলগুলো এক পাশে সিঁথি করে রাখলে ভালো দেখাবে। উচ্চতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, গলা লম্বা হলে ববে কয়েকটি লেয়ার রাখলে ভালো লাগবে, খাটো হলে মানাবে ক্লাসিক ববে।চাইলে এই বব কাটে চুলগুলো সোজা রাখতে পারেন। ঢেউ খেলানো বা নিচের দিকে সামান্য স্পাইরাল করে নিলেও লুকে নতুনত্ব আসবে।মুখের গড়ন ভারী হলে সামনে লেয়ার রেখে বব কাটলে ভালো লাগবে। এক পাশের চুল ছোট, আরেক পাশে লম্বা রেখেও ইদানীং বব কাট দেওয়া হচ্ছে। যে পাশে সিঁথি করা হবে, সে পাশের লেয়ারের দৈর্ঘ্য লম্বা রেখে শেষের ধার চোখা করে কাটার চলও নজরে পড়ছে এখন। এ ধরনের কাটে চুল ছেড়ে রেখে সুন্দরভাবে সেট করে নিলেই ভালো দেখাবে। বব কাটের সঙ্গে চুল রং করার ক্ষেত্রে হাইলাইট অথবা এক্সটেনশন করা যেতে পারে। অনেকে সবুজ, লাল, গোলাপি- এই রংগুলো দিয়েও হাইলাইট করাচ্ছেন।এইচএন/এমএস