রাবির প্রশাসনে তিন পদে নতুন মুখ


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৯ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার উপাচার্যের আদেশ বলে আগামী ৩১ মার্চ থেকে নতুন মুখ দায়িত্বে আসছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন।

অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, মঙ্গলবার এক আদেশের মাধ্যমে রাবি প্রশাসনের ছাত্র-উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান ও জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমানকে নিয়োগ দেয়া হয়। আগামী ৩১ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।

তিনি আরো জানান, আগামী ১ এপ্রিল দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ওই দিন শুক্রবার হওয়ায় আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব হস্তান্তর করা হবে।

গত ২০১৩ সালে মার্চ থেকে ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর হিসেবে অধ্যাপক তারিকুল হাসান ও জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াছ হোসেন তিন বছর যাবত দায়িত্ব পালন করে আসছিলেন।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।