বিশ্বকে ওবামার সতর্কতা


প্রকাশিত: ০৪:২৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বের ৫০ টি দেশ পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের সমালোচনায় ওয়াশিংটনে মিলিত হয়েছেন দেশগুলোর সর্বোচ্চ নেতারা। খবর বিবিসির।

ওই সম্মেলনে ওবামা বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা পারমাণবিক হামলার মাধ্যমে পুরো বিশ্বের চিত্র পাল্টে দিতে পারে। এ ব্যাপারে বিশ্বকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে আইএসকে সবচেয়ে হিংস্র বলে উল্লেখ করেছেন ওবামা। তিনি বলেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পারমাণবিক অস্ত্র অর্জন করাটা হবে বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
 
আইএস ইতোমধ্যেই সিরিয়াতে রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করেছে। যদি এই উন্মাদরা পারমাণবিক অস্ত্র ও বোমা হাতে পায় তাহলে নিশ্চিত ভাবেই তারা অসংখ্য মানুষকে মারতে এগুলো ব্যবহার করবে। পারমাণবিক জঙ্গিবাদ রুখতে এখনই সতর্ক হতে হবে যেন এই বোমা তৈরির উপকরণ ভুল করেও সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীদের হাতে না পরে। এক্ষেত্রে পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে পারমাণবিক সন্ত্রাস রুখতে বিশ্ব নেতৃত্ব বাস্তব পদক্ষেপ গ্রহণ করছে বলে উল্লেখ করেন ওবামা।

ওই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিতে পারেননি। লাহোরে বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও ওয়াশিংটন সফর বাতিল করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।