স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি-কুশপুত্তলিকা দাহ ছাত্র ফেডারেশনের


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব, বাঁশখালীতে গ্রামবাসীর উপর পুলিশের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, ইউপি নির্বাচনে বিভিন্ন জায়গায় পুলিশের গুলি চালানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এসময় সংগঠনটি মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল করে।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে এ কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুক্ষীণ হয় সংগঠনটি।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক বলেন, তনুসহ সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণের ঘটনা ঘটলেও কোনো বিচার হচ্ছে না উপরন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার-আইন সবকিছুই খুনি-ধর্ষক-লুটেরাদের রক্ষার পক্ষে সাফাই গাইছে। গত ৪ এপ্রিল বাঁশখালীতেও দিন-দুপুরে পুলিশ এবং এস আলম গ্রুপের সন্ত্রাসীরা গুলি করে ৬ জন মানুষকে হত্যা করে জনগণের বিরুদ্ধেই মামলা করেছে। এইসব ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আমরা বড় দুঃখের সাথে, বিস্ময়ের সাথে দেখছি স্বরাষ্ট্রমন্ত্রীসহ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা প্রতীয়মান হচ্ছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।


বাঁশখালীতে আন্দোলনরত জনগণের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাঁশখালীতে এস আলম গ্রুপ, স্থানীয় আওয়ামী লীগের মাস্তানবাহিনী ও পুলিশের যৌথ হামলা ও গুলি বর্ষণে ৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এ ঘটনা এটাই প্রমাণ করে যে, আওয়ামী লীগ সরকার দেশে মাস্তানতন্ত্র কায়েম করেছে। দেশের জনগণের স্বার্থ নয়, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ও চোর-ডাকাতদের সঙ্গে নিয়ে চুরি-দুর্নীতি-অর্থ পাচার ও লুটপাটের মাধ্যমে শাসকশ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুলছে। মাস্তানতন্ত্র ও লুটপাটকেন্দ্রিক এই ব্যবস্থা উচ্ছেদের জন্য সারাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।