চমক দেখালো অক্ষয় ‘ভূত বাংলা’ ট্রেলার
বলিউডের জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমার আবার চমক ছড়াচ্ছেন। ‘পুরনো চাল ভাতে বাড়ে’ কথার মতোই, তাদের নতুন সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলারে দেখা মিলল পুরনো স্বাদ আর নতুন রহস্যের মিশ্রণ। মার্চে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম ঝলক দেখে দর্শকরা বিভ্রান্ত ছিলেন-এটা কি ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল নাকি একেবারে আলাদা গল্প? সোমবার প্রকাশিত ট্রেলারের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন প্রিয়দর্শন-অক্ষয় জুটি।
চেনা প্রাসাদ, বিয়েবাড়ির আবহে গা ছমছমে অদ্ভুত ঘটনার ছোঁয়া, সঙ্গে দমফাটা হাসি ও প্রেম-রোম্যান্স-দুই দশক পরও এই ফরম্যাটে স্বাদ ফিরিয়েছেন বলিউডের এক সময়কার ব্লকবাস্টার জুটি। যদিও অনেকে ‘ভুল ভুলাইয়া’র সঙ্গে মিল খুঁজেছেন, পরিচালক প্রিয়দর্শন জানান, গল্পটি সম্পূর্ণ নতুন।
গল্পের প্রেক্ষাপট: মঙ্গলপুর নামের এক রহস্যময় গ্রাম। এখানে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামের প্রতিটি বিয়ে মানেই আতঙ্কের খেলা। কিন্তু অতিথিরা এ বিষয়ে আগে কোনো ধারণা পাননি। প্রাচীন প্রাসাদে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানা অদ্ভুতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে।
ট্রেলারে দেখা গেল পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুকপূর্ণ খুনসুটি। রোমান্সের জন্য যুক্ত হয়েছেন ওয়ামিকা গাব্বি, আর বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তও পরিবারে ভরসা জুগিয়েছেন। বিশেষভাবে ‘ভিলেন’কে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, ট্রেলারে টাবুর চরিত্রের মাধ্যমে অতিপ্রাকৃত বিষয়ের ইঙ্গিতও দিয়েছেন পরিচালক।
উল্লেখ্য, প্রিয়দর্শন-অক্ষয় জুটি বলিউডে এমন জুটি যাঁদের হাত ধরে এসেছে ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘ভুলভুলাইয়া’র মতো হিট ছবি। এবার ‘ভূত বাংলা’–তে তারা দর্শককে কোন চমক দেখাবেন, তা নজর রাখার বিষয়।
আরও পড়ুন:
এক হাতে বন্দুক তার আরেক হাতে প্রেমিকা
রণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না
যদিও বর্তমানে বলিউডে দেশাত্মবোধক ও উগ্র পৌরুষের কাহিনি ট্রেন্ডিং, তবু ভুতুড়ে গল্পের ঝলক ইতিমধ্যেই দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল জাগিয়েছে। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি। এরপরই দেখা যাবে, বক্স অফিসে ‘ধুরন্ধর’ অক্ষয় কতটা দাপট দেখাতে পারেন।
এমএমএফ