জাবি ছাত্রীকে ধাক্কা

৩০ হাজার টাকা ক্ষতিপূরণে ছাড়া পেলো আটক করা ২৮ বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে রাজধানী বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮টি বাস জব্দ করেন শিক্ষার্থীরা। পরে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বাসগুলো।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পরিবহন মালিকপক্ষ। এসময় মালিকপক্ষ লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ভুক্তভোগী ছাত্রীকে চিকিৎসাবাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, পরিবহন মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চিকিৎসাবাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন তারা।

আরও পড়ুন:

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে হেলপার তাকে ওঠাতে চাননি। জোর করে বাসে ওঠার পর চালক ও বাসের হেলপার তাকে গালিগালাজ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইরি গেটে নামার সময় ওই হেলপার তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।

ঘটনার পর সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।