ঢাবিতে ডাকসুর নতুন উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করবে ডাকসু।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডাকসুর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এই সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই মাসিক মেডিকেল ক্যাম্প অব্যাহতভাবে আয়োজন করা হবে।ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীরা বিনামূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন।

এ বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকসুর উদ্যোগে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করা হচ্ছে। প্রতি মাসে নিয়মিতভাবে এই ক্যাম্প চলবে। শিক্ষার্থীরা যেন সহজে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করবে।

এ বিষয়ে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। তাই ডাকসুর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই এধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এফএআর/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।