বিরত রাখা ৬ শিক্ষকের ফেরানো ঠেকাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

জুলাই-অভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বিরত রাখা ৬ শিক্ষকের ফেরানো ঠেকাতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। মিছিলে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

এসময় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া কয়েক জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে এবং অভিযুক্ত ৬ শিক্ষককে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ এক বছর পার হলেও সেই তদন্ত কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বরং সম্প্রতি দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক পুনরায় সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে নিয়মিত আসা-যাওয়া শুরু করেছেন এবং বিভাগে প্রবেশেরও চেষ্টা করছেন। যা আমাদের মতে জুলাই স্পিরিটের পরিপন্থি এবং নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এসময় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা ৩টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত দ্রুত সম্পন্ন করা।

২.অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সব প্রকার প্রবেশ ও যোগাযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।

৩. একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

এফএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।