রাবি ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক হলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। রোববার (১ মার্চ) রাতে সংগঠনের নতুন সেটআপে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানানোর মাধ্যমে তিনি প্রকাশ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামক একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন জুলাই হিরো অ্যাওয়ার্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ ছিলেন মেহেদী সজীব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখসারির নেতা ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রেখেছিলেন বড় ভূমিকা। তবে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেননি তিনি। ফলে মাত্র ৩২৩টা ভোট পেয়েছিলেন এই হেভিওয়েট প্রার্থী। কোনো এক অজানা কারণে রাকসুর নির্বাচনের এক-দেড় মাস আগে থেকে সম্পূর্ণ মাঠের বাইরে চলে যান তিনি। তবে গেল দেড়-দুই মাস থেকে আবারও সক্রিয় হতে দেখা যায় তাকে।

জানতে চাইলে মেহেদী সজীব বলেন, আমি অনেক আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতির কারণে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমি প্রকাশ্যে শিবিরের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করেছি।

মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।