মধ্যপ্রাচ্যে সংঘাত

ইউরোপে গ্যাসের দাম বাড়লো প্রায় ৫০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ইউরোপে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ/ প্রতীকী ছবি (এআই দিয়ে বানানো)

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতার এনার্জি। আর তাতেই ইউরোপের পাইকারি বাজারে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক কাতার এনার্জি জানায়, উপসাগরীয় দেশটিতে ইরানের হামলায় তারা গ্যাসের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে।

জানা গেছে, সোমবার (২ মার্চ) দিনের শুরুতেই ইউরোপে গ্যাসের দাম প্রায় ২৫ শতাংশ বাড়লেও কাতার এনার্জির উৎপাদন বন্ধের ঘোষণার পর তা, ৫০ শতাংশে পৌঁছায়। এদিন ইউরোপের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত ডাচ টি-টিএফ (টিটিএফ) হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএইচ) হয়েছে, যা প্রায় ১৫.৯২ ডলার প্রতি এমএমবিটিইউয়ের সমান।

এদিকে এশিয়াতেও এলএনজির বেঞ্চমার্ক মূল্য বেড়েছে। এশিয়ার এলএনজি মূল্য নির্ধারণে বহুল ব্যবহৃত সূচক এস অ্যান্ড পি গ্লোবালের জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) দাম সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ লাফ দিয়ে ১৫ দশমিক ০৬৮ ডলার প্রতি এমএমবিটিইউতে দাঁড়ায়।

বিশ্লেষকরা বলছে, যদি কাতারের এলএনজি সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়, তাহলে টিটিএফের দাম ৮০–১০০ ইউরো/এমডব্লিউএইচ (২৮–৩৫ ডলার/এমএমবিটিইউ) পর্যন্ত উঠতে পারে।

এদিকে, যুক্তরাজ্যের এপ্রিল কন্ট্রাক্ট ৪০ দশকি ৮৩ পেন্স বৃদ্ধি পেয়ে প্রতি থার্মের দাম হয়েছে ১১৯ দশমিক ৪০ পেন্স।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।