বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরী থেকে ক্যাম্পাসগামী দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী থেকে জানা যায়, তিনি বাসে করে নগরী থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেন। ঘটনাটি জানতে পেরে বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়। পরে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞাকে বিষয়টি জানান। তার পরামর্শে অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সে নেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকায় বসবাস করেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ঘটনার সময় আমাকে ফোন দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছিলাম। অভিযুক্ত ব্যক্তিকে সেখানে নিয়ে আসতে বলি। এরপর তাকে ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার দোষ স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দোষ স্বীকার করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে হাটহাজারী থানায় জানতে চাইলে ওসিকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

মোস্তাফিজুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।