ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
প্রকাশিত: ০৫:২৮ এএম, ৩০ মার্চ ২০২৬
রোববার (২৯ মার্চ) ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়া’র মহাপরিচালক মি. সাতো কোজি/ ছবি: জাগো নিউজ

 

জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়া’র মহাপরিচালক মি. সাতো কোজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৯ মার্চ) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার সভাপতি অধ্যাপক ড. শ্রাবণী রায় চৌধুরী ও ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. দেবেন্দ্র সাহু। এছাড়া বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, ‘দক্ষিণ এশিয়ায় জাপানের কোমল কূটনীতি: পরিবর্তন ও ধারাবাহিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী তরুণ গবেষক সম্মেলনে অংশ নিতে জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়ার মহাপরিচালক মি. সাতো কোজি ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশ সফর করছেন। জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনটি সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে। এতে বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে মোট ৪০ জন তরুণ গবেষক অংশ নেবেন।

এফএআর/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।