অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীকে মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
আহত শিক্ষার্থী মেহেদী হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে রাতের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনে অধ্যয়নরত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার ব্যবহৃত চশমা ভেঙে ফেলা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে ১ নম্বর গেট পর্যন্ত নির্ধারিত ভাড়া সাত টাকা। সাত টাকার ভাড়া ১০ টাকা দাবি করলে এর প্রতিবাদ করেন মেহেদী হাসান। এতে ক্ষিপ্ত হয়ে হাসান নামের একজন অটোচালক তার ওপর হামলা চালান।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় অবরোধ চলার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেন।

এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ‌‘অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে। আমরা অবরোধ করলে প্রশাসন এসে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয়। অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।’

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানান, আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘যে সিএনজি চালক শিক্ষার্থীকে আহত করেছে, তাকে গ্রেফতার না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সিএনজি চলাচল বন্ধ থাকবে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন চক্রাকারভাবে চালু রাখা হবে।’

মোস্তাফিজুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।