চবিতে পেমেন্টের পিডিএফ কপি প্রিন্ট করার বাধ্যবাধকতা বাতিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে শিক্ষার্থীদের আর পেমেন্টের পিডিএফ কপি প্রিন্ট করে অ্যাকাউন্টস অফিসে জমা দিতে হবে না। অনলাইনে পেমেন্ট করলেই বাকি সব প্রক্রিয়া সম্পন্ন করবে সংশ্লিষ্ট দপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগে কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করেছিল। ওই ব্যবস্থায় শিক্ষার্থীরা পেমেন্টের পর একটি পিডিএফ কপি পেতেন, যা প্রিন্ট করে অ্যাকাউন্টস অফিসে জমা দিতে হতো। তবে এতে সময় ও খরচ বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। তারপর চাকসুর উদ্যোগে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার পর প্রিন্ট জমার বাধ্যবাধকতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘আগে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ। অনলাইন পেমেন্ট চালুর পরও পিডিএফ প্রিন্ট ও জমার ঝামেলায় ভোগান্তি কমেনি। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে—শিক্ষার্থীরা শুধু পেমেন্ট করবে, বাকি কাজ অ্যাকাউন্টস অফিস করবে।’
তিনি আরও বলেন, ‘বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে এখন শিক্ষার্থীরা সহজেই পেমেন্ট করতে পারবেন। এতে অতিরিক্ত কোনো ধাপ থাকবে না।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা এখন ঘরে বসেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অ্যাকাউন্টস অফিস প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করবে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।’
মোস্তাফিজুর রহমান/এসআর/এমএস