যে কারণে লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে আশিক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০১ মে ২০২৬
লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে অংশ নিয়েছে শাবিপ্রবি শিক্ষার্থী আশিকুর রহমান আশিক

মহান মে দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী লুঙ্গি ও গামছা পরে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিয়েছেন।

দেশের মেহনতি মানুষের প্রতি সংহতি জানাতেই তিনি এ পোশাক বেছে নেন বলে জানিয়েছেন। তার এ ব্যতিক্রমী উদ্যোগ অনেকের প্রশংসা কুড়িয়েছে।

আশিক বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় লুঙ্গি ও গামছা পরে ভাইভায় অংশ নেন তিনি।

এ বিষয়ে আশিকুর রহমান বলেন, শ্রমিক বা কৃষকের মৃত্যু যেন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যাড রিঅ্যাক্ট’ আর সংক্ষিপ্ত মন্তব্যেই সীমাবদ্ধ। এ বাস্তবতার প্রতিবাদেই তিনি বেছে নেন ভিন্নধর্মী উপস্থাপনা। ভাইভা বোর্ডে লুঙ্গি-গামছা পরে উপস্থিত হয়ে তিনি মেহনতি মানুষের প্রতি সংহতি জানান।

তিনি আরও বলেন, ‌‘আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আন্তরিক ছিলেন। তারা আমার এ প্রতিবাদের ভাষাকে সাধুবাদ জানিয়েছেন।’

আশিকের সহপাঠী সাবিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘আমরা বাঙালি। বাঙালিদের প্রধান পেশা কৃষি। আমার বন্ধু কৃষকের পোশাকে ভাইভা দিতে এসেছে। বিষয়টি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এই পোশাকের মাধ্যমে সে শ্রমজীবী মানুষের প্রতি বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে, যেটা সত্যিই প্রশংসনীয়।’

ভাইভা বোর্ডে থাকা বাংলা বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী জাগো নিউজকে বলেন, ‘ভাইভার জন্য নির্ধারিত কোনো পোশাক আছে কি-না সেটি আমার জানা নেই। যদি থাকে তাহলে শিক্ষার্থীদের সেই পোশাকে আসা উচিত। এই পোশাকের মাধ্যমে সে হয়তো কোনো মেসেজ (বার্তা) দিতে চেয়েছে, এটি একান্ত তার বিষয়।’

এসএইচ জাহিদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।