ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের জন্য বার্ষিক পুনর্মিলনী।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয়েছে এই পুনর্মিলনীর।
সংগঠনের সভাপতি ওয়াজির সাত্তার বলেন, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা, যাদের মধ্যে মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সফল ও পরিচিত ব্যক্তিরা রয়েছেন, তারা এবারো অনুষ্ঠানে আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বক্তৃতা ও স্মৃতিচারণ। এছাড়াও টিএসসিতে থাকবে খাবারের আয়োজন।
২৭ জানুয়ারি ছিল ইংরেজি বিভাগের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর তিন দিনের মাথায় এবারের পুনর্মিলনী হচ্ছে।
ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাই সোসাইটির যাত্রা শুরু হয় ১৯৮৬ সালের ডিসেম্বরে।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি।