ঢাবিতে সাংবাদিক মারধরে জড়িতদের শাস্তি চেয়ে আল্টিমেটাম


প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৫ মার্চ ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রলীগের সংশ্লিষ্ট হল কমিটি বিলুপ্তের দাবি জানানো হয়।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ। অন্যথায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

নেতৃদ্বয় বলেন, সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের অর্ধশত কক্ষে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রলীগ দলীয় নেতা-কর্মীদের উঠিয়ে দেয়। ভাঙচুর করে হল প্রাধ্যক্ষের কার্যালয়। দুর্ব্যবহার করে আবাসিক শিক্ষকদের সঙ্গে। লাঞ্ছিত করে বেশকিছু আবাসিক শিক্ষার্থীকে। ফলে চরম আতঙ্কের মধ্যে হলের সাধারণ ছাত্ররা রাত পার করেন। রাতেই সংবাদ সংগ্রহ করতে গেলে বার্তা সংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরানের হোসেনের উপর পরিকল্পিত হামলা চালায় সংগঠনটির ১০-১৫ জন নেতা-কর্মী। হামলায় সাংবাদিক ইমরান সংজ্ঞা হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

নেতারা আরও বলেন, রাত ৩টার দিকে সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা যখন হল ত্যাগ করেন, তখন লাইট বন্ধ করে, মুখ কাপড় দিয়ে ঢেকে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে সুপরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ ও নয়ন হাওলাদারের নির্দেশেই এ হামলা হয়। তাই প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ছাত্রলীগ বানিয়ে বহিষ্কার করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা কখনোই মেনে নেয়া হবে না। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার (বৃহস্পতিবার বিকেল ৫টা) মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং ছাত্রলীগকে বিজয় একাত্তর হল শাখার কমিটি বিলুপ্ত করতে হবে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।