শাবিপ্রবি`র ভিসিকে ৪ দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভুঁইয়াকে চারদিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।
বুধবার রাত ৯টায় সরকার সমর্থিত শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাকে এ আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটাম দেওয়ার সময় অনুষ্ঠিত এক সভায় গত রোববার পদার্থবিজ্ঞান বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ১৭ জন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ এনে ভিসির প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
এ দিকে আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত সকল শিক্ষক প্রশাসনিক কাজের কর্মবিরতি পালন করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময়ের মধ্যে শিক্ষক পরিষদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম উপাচার্যকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাবেন বলে পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। রোববারের মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন, তবে আগামী সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা সকল শিক্ষক উপাচার্যের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে পদত্যাগ করবেন। এরপর থেকে উপাচার্যবিরোধী আন্দোলনের ডাকও দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক পরিষদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বলেন, ‘আমরা ভিসিকে পদত্যাগ করার জন্য চারদিনের আলটিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আন্দোলনের ডাক দেওয়া হবে।’
এ ব্যাপারে শাবিপ্রবি`র উপাচার্য আমিনুল হক ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসআরজে