কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিসি-কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক হায়দার আলীর ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুবি ছাত্রদল। এসময় তারা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় এই দুই কর্তা ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রদল নেতারা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, জনগণের এনআইডি তথ্য পাচার মামলায় পতিত হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে আসামি হয়েও ভিসি পদে বহাল থাকা অনৈতিক। বর্তমান প্রশাসনের সময়ে বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের বদলে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। এ প্রশাসন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব, টেন্ডারে অনিয়ম এবং সিন্ডিকেট ও নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজন করা হচ্ছে, যা বিধিবহির্ভূত। এতে নির্দিষ্ট গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে তারা বলেন, ভিসির গ্রেফতার, ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগ, গত কয়েক বছরের নিয়োগের তদন্ত প্রতিবেদন প্রকাশ, দুদকের তদন্তের অগ্রগতি জানানো, প্রক্টরিয়াল বডির অপসারণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা।
এদিকে, একই সময়ে কুবি সচেতন শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন করেন একদল শিক্ষার্থী। তারা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান এবং দ্রুত সমাধানের দাবি জানান।
এ সময় কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মেহেদী হাসান সোহাগ, সাগর আহমেদ, সাইদুল ইসলাম শাওন সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম