জবির আস-সুন্নাহ হলে ২১ ব্যাচের আবেদন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পে চতুর্থ ধাপের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ মে) ‘মেধাবী’ প্রকল্পের ইনচার্জ মামুনুর রশীদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে চতুর্থ ধাপে ছাত্রদের আবাসনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৭ মে’র মধ্যে গুগল ফরম ও সরাসরি আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে বলা হলো।
আবেদনের গুগল লিংক https://forms.gle/qQ6CmYGmTdkbFK2QA এবং সরাসরি আবেদন ফরম।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জবি শিক্ষার্থীর আবাসনের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। পরবর্তীতে গত বছরের ২০ মে ‘মেধাবী’ প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর আবাসনের আবেদন শুরু হয়। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।
এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ২০তম ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ। এ প্রকল্পে মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসনের পাশাপাশি তিনবেলা খাবার, চারটি কম্পিউটার ল্যাব, ভাষা প্রশিক্ষণ (ইংরেজি, বাংলা ও আরবি), নৈতিক শিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন সেমিনারের সুবিধা এবং একটি (লাইব্রেরি) ও নিরিবিলি অধ্যয়ন পরিবেশের ব্যবস্থা রয়েছে।
টিএইচকিউ/এমকেআর