ডুয়েটে ভর্তি পরীক্ষা ২১ মে
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক) প্রোগ্রামে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। গত ১ এপ্রিল থেকে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৩ মে পর্যন্ত।
সোমবার ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিং এবং অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড/মাদরাসা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষ জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার এ গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় ২০১৩ ও তৎপরবর্তী সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৮০ টাকা প্রদান করতে হবে।
উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে আটটি বিভাগে মোট ৬৫৪ (কোটাসহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম