জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ তিনজন কারাগারে


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০২ মে ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় তাদের মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যরা হলেন সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শহীদুর রহমান ও সাবেক উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. শাহাব উদ্দিন বাদল।

দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলার আইনজীবী মো. মোজাম্মেল হক জানান, দুর্নীতি মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন তারা। পরে আদালতের নির্দেশ অনুযায়ী বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি সিদ্ধান্ত অমান্য করে নিয়মবহির্ভূতভাবে ১৫৯ জন কর্মকতাকে সিলেকশন গ্রেড প্রদান এবং অর্থ আত্মসাতে অভিযোগে ২০১২ সালে এই তিনজন এবং সাবেক ভিসি কাজী শহীদ উল্লাহসহ ১৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একাধিক মামলা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও এ এইচ এম শাহজাহান। যা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (আইন) মো. সিদ্দিকুর রহমান স্বপন জানান, ওই মামলার সব আসামি উচ্চ আদালত থেকে গত ২২ মার্চ ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন।

মঙ্গলবার ওই মেয়াদ শেষ হওয়ার দিনে আসামিরা উচ্চ আদালতের নির্দেশ অনুয়ায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে নিম্ন আদালত জামিন নামঞ্জুর করে ওই তিনজনকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।