বাকৃবির প্রশাসন ভবনে তালা
এপ্রিল মাসের বেতন-ভাতা না পেয়ে বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কর্মচারীরা। গত ৩৬ দিন যাবত বিশ্ববিদ্যালয় ভিসিশূন্য থাকায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কেউই এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে বের হয়ে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে বেলা ১১ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এসময় প্রশাসন ভবনে দুজন কর্মকর্তা আটকা পড়েন। বাকীরা ঘটনা আগেই বুঝতে পেরে ভবন থেকে বেরিয়ে যান। এতে প্রশাসন ভবনের বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে এখনো সমাবেশ করছেন। এর আগে গত সোমবার ও মঙ্গলবার একই দাবিতে তারা কাজ ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘটে কর্মচারী নেতারা জানান, এক মাসেরও বেশি সময় ধরে ভিসি নিয়োগ না হওয়ায় গত মাসের বেতন তুলতে পারে নি। ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় তারা অবিলম্বে বেতনভাতা পরিশোধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় যে কোনো দাফতরিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে ঘোষণা দেয় তারা।
এসএস/আরআইপি