চার মাস হয় না সিন্ডিকেট সভা, জাবিতে প্রশাসনিক কাজে স্থবিরতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১২ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চার মাস ধরে বন্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট সভা। সবশেষ ১১ জানুয়ারি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।

বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, সিন্ডিকেট হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, সম্পত্তি ও তহবিল নিয়ন্ত্রণ, শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, অধ্যাদেশ ও নীতিমালা প্রণয়ন, পরীক্ষা আয়োজন এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। তবে দীর্ঘ চার মাস সভা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন প্রশাসনিক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‌‘নিয়মিত সিন্ডিকেট সভা না হওয়ায় গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন, জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি, নিয়োগ, অবকাঠামোগত কাজ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। নিয়মিত সভা না হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়াই স্বাভাবিক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গত জানুয়ারিতে সবশেষ সিন্ডিকেট সভা হয়েছে। সাধারণত প্রতিমাসে একটি করে হওয়ার কথা থাকলেও প্রয়োজনে একাধিক সভা হতে পারে। তবে পরবর্তী সভা কবে হবে, তারও এখনো দিন নির্ধারিত হয়নি।’

নিয়মিত সিন্ডিকেট সভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভার মাধ্যমে। জুলাই হামলার মদতদাতা শিক্ষকদের বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইলেই বলা হয়, পরবর্তী সিন্ডিকেটে তোলা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে সিন্ডিকেট সভাই হচ্ছে না। দ্রুত সিন্ডিকেট সভার আয়োজন করে আটকে থাকা বিষয়গুলোর নিষ্পত্তি করতে হবে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।