শরীরে পক্স উঠায় ছাত্রীকে রাখা হলো পরিত্যক্ত কক্ষে!


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৩ মে ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের গণরুম থেকে নীলা নামের এক ছাত্রীর শরীরে পক্স (জলবসন্ত) ওঠায় তাকে বের করে দেওয়া হয়েছে। বুধবার ওই ছাত্রীকে নিজের কক্ষ থেকে বের করে হলের পরিত্যক্ত একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে।

নীলা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিভাগের চূড়ান্ত পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন ওই ছাত্রী।

নাম প্রকাশ না করার শর্তে হলের কয়েকজন আবাসিক ছাত্রী জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে পক্স দেখা দেয়। এতে করে গণরুমে থাকা অন্য ছাত্রীরা তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য হল প্রাধ্যক্ষের কাছে সুপারিশ করে। সুপারিশের প্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে হলের একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করা হয়। ওই কক্ষটি আগে পরিত্যক্ত থাকলেও নীলার কারণে নতুন করে বেড দেওয়া হয়েছে। কিন্তু নীলা সেখানে থাকতে অপারগতা প্রকাশ করলেও তাকে সেখানে থাকতে বাধ্য করা হয়।

এ বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ মোছা. ফেরদৌসী বেগম জাগো নিউজকে বলেন, পক্স যেহেতু একটি ছোঁয়াচে রোগ তাই গণরুমের অন্য ছাত্রীদের কথা বিবেচনা করে একজনকে অন্যস্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু গণরুমে এক কক্ষে অনেক শিক্ষার্থী থাকে তাই নতুন একটি কক্ষে বেড ও ফ্যানের ব্যবস্থা করে তাকে সেখানে থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান জাগো নিউজকে বলেন, হলের অন্য শিক্ষার্থীরা যদি না চায় তাহলে তাকে গণরুমে রাখা সম্ভব নয়। তবে যেহেতু ওই ছাত্রীর আগামীকাল (বৃহস্পতিবার) পরীক্ষা আছে তাই বিভাগের চেয়ারম্যানের অনুমতি নিয়ে মেডিকেলে থেকেও সে পরীক্ষা দিতে পারে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।