শাবিতে প্রশাসন ভবনের তালা ভাঙল ছাত্রলীগ


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৩ জুন ২০১৫

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের দেওয়া তালা ভাঙল শাখা ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ কর্মীরা ওই ভবনে গিয়ে ঝুলানো তালা ভেঙে ফেলে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙেছে দাবি করে জানান, আমরা ন্যায়ের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু করতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করব। অধ্যাপক জাফর ইকবালের নাম ভাঙিয়ে কতিপয় স্বার্থান্বেষী শিক্ষক যে আন্দোলন করছে সেটা যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে না পারে সে ব্যাপারে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

এর আগে সকাল সাড়ে সাতটায় প্রশাসন ভবন-২ (পরীক্ষা নিয়ন্ত্রক দফতর) এ তালা দিয়ে প্রশাসন ভবন-১ (উপাচার্য ভবন) এর সামনে ব্যানার টানিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন সরকার সমর্থক শিক্ষকরা। তবে শিক্ষকদের অবস্থান ধর্মঘটের সময় উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া তার কার্যালয়ে ছিলেন না। সরকার সমর্থক শিক্ষকদের আন্দোলনেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

এর আগে উপাচার্যের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।

এদিকে উপাচার্যবিরোধী চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা উল্লেখ করে সে বিষয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে সরকার সমর্থিত আরেক অংশ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ। পরিষদের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগের কথা জানানো হয়।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ শিক্ষকবৃন্দর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। তিনি (উপাচার্য) পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দুটি প্রশাসন ভবন অবরুদ্ধ করা হলেও শিক্ষকরা ক্লাস পরীক্ষা চালিয়ে নিবেন বলে জানান অধ্যাপক সামসুল আলম।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে উপাচার্যকে সিন্ডিকেট সভা করতে দিবেন না বলে জানান অধ্যাপক সামসুল আলম।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।