জিপিএ নিয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে: কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের নম্বর নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং বাকি ১০০ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ওপর ভিত্তি করে মেধাতালিকা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। পরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ।
তানবীন তোহফা নামের এক ভর্তিচ্ছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ার পর উচ্চমাধ্যমিক ভালো করার চেষ্টা করেছি। কিন্তু অটো পাসের কারণে উচ্চ মাধ্যমিকের ফলও খারাপ হয়। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অটো পাসের জিপিএর ওপর ভিত্তি করে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। এতে সঠিক মেধা সুযোগ দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আগামীকাল একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সহনীয় হয় এমন নম্বর নির্ধারণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে যথেষ্ট তথ্য আসছে। আমরা সব তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। এ সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়।
আরএইচ/জেআইএম