সংক্ষিপ্ত সিলেবাসেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৪ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবে। শুক্রবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি ২০২২ পরীক্ষায় বোর্ড থেকে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, রাবির ভর্তির প্রাথমিক আবেদন ১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে।

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯-৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর একটা থেকে দুইটা ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে। বিপরীতে নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। আর পাস নম্বর ৪০।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

মনির হোসেন মাহিন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।