বরগুনায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৫ এপ্রিল ২০২৬

 

বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আমতলীর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

নিহতরা হলেন, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকার মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা বেল্লাল (৩৫)। আহতরা হলেন-অটোরিকশা চালক ফাহাদ, তুহিন ও জসিম সিকদার। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিষকাটা এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আমতলীর দিকে আসছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে বেল্লালের মৃত্যু হয়। এছাড়া পটুয়াখালী হাসপাতালে পৌঁছালে মিরাজুল ইসলাম শাওনের মৃত্যু হয়।

ওসি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নুরুল আহাদ অনিক/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।