কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুবিসাসের মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কুবিসাসের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি।
এসময় আহমেদ ইউসুফ আকাশ বলেন, ‘ইকবালকে বহিষ্কারের আগেরদিন উপাচার্য আমাকে তার রুমে ডেকে নিয়ে তাকে সমিতি থেকে বহিষ্কার করার নির্দেশ দেন। এরপর বলেন, আমি যদি তাকে সমিতি থেকে বহিষ্কার না করি তাহলে ইকবালকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন এবং তাকে আইসিটি আইনে মামলা দেবেন। পরদিন তিনি ইকবালকে বহিষ্কার করে তার কথার প্রতিফলন ঘটিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইনবহির্ভূত এই বহিষ্কারাদেশ নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানাই।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোরকম আইনের তোয়াক্কা না করে এবং কোনো বিধি না মেনে ইকবালকে বহিষ্কার করেছে। সাংবাদিক সমিতি মনে করে সংবাদ প্রকাশ কোনো অপরাধ নয়। যে সংবাদের জন্য ইকবালকে বহিষ্কার করা হয়েছে সে সংবাদের সব তথ্য-প্রমাণ আমাদের কাছে রয়েছে।’
তিনি বলেন, ‘প্রশাসন বলেছে, উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্তের মাধ্যমে ইকবালকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই উচ্চপর্যায়ের সভায় কারা ছিলেন এবং কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে ইকবালকে বহিষ্কার করেছেন তার কিছুই উল্লেখ করেনি প্রশাসন। আমরা আজকের মধ্যে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, অন্যথায় আগামী রোববার পুরো বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।’
মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জাহিদ পাটোয়ারী/এমআরআর