জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


প্রকাশিত: ১১:৪০ এএম, ০২ এপ্রিল ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম প্রতিরোধে সন্তান ধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও মৌলিক অধিকার। রাষ্ট্রেরই দায়িত্ব তাদের উপযোগী পরিবেশ তৈরি করা। বক্তাগণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন এবং নজরদারী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, অটিজম শিশুদের সহায়তা করার মতো মানবিক উদ্যোগে সকলকে একযোগে কাজ করতে হবে। অটিজমদের কল্যাণে বিত্তশালীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

এছাড়াও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শরীফ উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদ হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী। অনুষ্ঠানে আনন্দশালার শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।